প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের আশাবাদ সংস্কৃতি প্রতিমন্ত্রীর

১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর জনতা ব্যাংক চাকুরিজীবী কল্যাণ সমিতির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম বাবুল এমপি, হেলেন জেরিন খান এমপি ও শওকত আক্তার উর্মি এমপি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলাসহ মোট ২১টি জেলার জনগণের দীর্ঘদিনের দাবি দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে একটি ফিজিবিলিটি স্টাডি করার জন্য অর্থ বরাদ্দ করেছেন এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ২১ টি জেলার জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সেতুটি নির্মিত হলে মংলা সমুদ্র বন্দর, বেনাপোল স্থল বন্দর, ভোমরা স্থল বন্দর ও দর্শনা স্থল বন্দরের সাথে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ জেলার জনগণের যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রভূত উন্নয়ন সাধিত হবে। ফিজিবিলিটি স্টাডি শেষ হলে ও বাজেট বরাদ্দ হলে সেতুর কাজ শুরু হবে বলে আশা করেন তিনি। তিনি বলেন দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি প্রায় পাঁচ কোটি মানুষের এই দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ বিএনপি সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প বর্তমান সরকারের আমলে এই সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




